1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত - Bangladesh Khabor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন ঢাকায় ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সেলিম গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ঘটনায় মামলা, আসামি ২ হাজারের বেশি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’ :ডা. মাহমুদা মিতু বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে হবে মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, যে পাঁচ কারণে অনিশ্চিত

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। তবে তাকে দেশে ফেরার জন্য পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। বরং ভারতের কাছ থেকে তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরাতে অনড় ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। তাকে প্রত্যর্পণের প্রশ্নই ওঠে না।

ভারতের অবস্থান হলো, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তিনি ক্ষমতায় থাকতেই তাকে ভারতে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল। বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা তাকে ভারতের নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছে দেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ডের পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণের শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা কম।

শেখ হাসিনার প্রাণনাশের হুমকি

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও কারাগারে যেতে হয়েছিল। পরে তাকে গৃহবন্দী রাখা হয়। ক্ষমতায় যে দলই থাকুক, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত অন্তবর্তীকালীন সরকারের সময়ে উগ্রপন্থী ও কট্টরপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনার জীবননাশের হুমকির বিষয়টি তাই প্রত্যর্পণ নিয়ে যেকোনো আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

১৯৮১ সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বিদ্রোহীদের হাতে নিহত হন। চট্টগ্রামে একটি সরকারি অতিথিশালায় অবস্থানকালে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা সেখানে হামলা চালিয়ে তাকে হত্যা করেন বলে ধারণা করা হয়।

২০২৪ সালে শেখ হাসিনার ঢাকা ছাড়ার পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে তাকে প্রত্যর্পণের সম্ভাবনা নেই বললেই চলে।

তাহলে কীভাবে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা?

প্রতিবেদন অনুযায়ী, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আর দুটি পথ রয়েছে- পাসপোর্ট অথবা ট্রাভেল পাস।

গত সোমবার শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে রয়টার্স। দেশ ছাড়ার পর এটিই তার প্রথম এ ধরনের যোগাযোগ। ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার এই আবেদন আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তার ভাষায়, পাসপোর্ট চাওয়ার এই উদ্যোগ ‘নিছক রাজনৈতিক স্টান্টবাজি’। যদিও বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিও পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের (সন্ত্রাসীদের) হস্তান্তরের অনুরোধ জানিয়েছি।’

কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে পারে না ভারত?

ভারত ও বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট অপরাধটি দুই দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে।

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ভারতের সরকারি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) মানবতাবিরোধী অপরাধের বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত বা অন্তর্ভুক্ত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই ঔপনিবেশিক আমলের ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে আইনটি কার্যকর হয়।

চুক্তিতে ‘দ্বৈত অপরাধ’ বা ডুয়াল ক্রিমিনালিটির শর্তও রয়েছে। এর অর্থ, যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা দুই দেশের নিজস্ব আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। অপরাধটির আইনি নাম বা সংজ্ঞা দুই দেশে ভিন্ন হলেও চলবে। এ ধরনের আবেদন আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়া করতে হয়।

প্রত্যর্পণ চুক্তিতে কোন পরিস্থিতিতে আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে, সেটিও উল্লেখ রয়েছে। অপরাধটি রাজনৈতিক চরিত্রের হলে প্রত্যর্পণ নাকচ করা যেতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে তার মামলাটি রাজনৈতিক চরিত্রের বলে বিবেচিত হতে পারে।

তবে এ ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে। হত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় রাখা হয়নি। বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে সন্ত্রাসী বলেও আখ্যা দিয়েছে।

চুক্তি অনুযায়ী, বিচারপ্রক্রিয়া সৎ উদ্দেশ্যে পরিচালিত হয়নি, মামলাটি তুচ্ছ অথবা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থী- এমন যুক্তি দেখানো গেলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

ট্রাভেল পাস কি শেখ হাসিনার দেশে ফেরার পথ হতে পারে?

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময় তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপরও দেশে ফেরার জন্য তিনি ট্রাভেল পাস ব্যবহার করেন। এ জন্য লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছিলেন তিনি।

২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারেক রহমান ও তার পরিবার যুক্তরাজ্যে চলে যান। ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগপর্যন্ত তারা সেখানেই ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়। এতে তার দেশে ফেরার পথ তৈরি হয়।

২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে ট্রাভেল পাস পেয়েছিলেন তারেক রহমান। তবে তার আগে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছিল।

শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর রয়েছে।

শেখ হাসিনা ফিরলে দেশের রাজনীতিতে যে প্রভাব পড়বে

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার ভারতে অবস্থান একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরত চাইলেও, নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করে কীভাবে তার প্রত্যাবর্তন সম্ভব, তা নিয়ে আলোচনা চলছে। এ জন্য আরও সময় ও কূটনৈতিক আলোচনা প্রয়োজন হতে পারে।

বাংলাদেশের ভারতবিরোধী ও উগ্রপন্থী গোষ্ঠীগুলো শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থানের বিষয়টি ব্যবহার করে ভারতকে লক্ষ্যবস্তু করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব গোষ্ঠী আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকার। দুই পক্ষই এই পরিস্থিতির সমাধান চায়।

ভারত স্পষ্ট করেছে, শেখ হাসিনার ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক জিম্মি হয়ে থাকা উচিত নয়।

সূত্রগুলো জানিয়েছে, তারেক রহমানের সরকার শেখ হাসিনার প্রতি নমনীয় হিসেবে পরিচিত হতে চায় না। তবে রাজনৈতিক অস্থিরতা কিংবা অতীতের মতো দেশের সাবেক নেতৃত্বকে হত্যা করার ঘটনার পুনরাবৃত্তির দায়ও নিতে চায় না সরকার। তারেক রহমানের বাবা কিংবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিণতির পুনরাবৃত্তি সরকার চায় না।

সব মিলিয়ে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা বেশ কম বলে মনে করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION