শাহীন আলম লিটন, কুষ্টিয়া : আজ ১৩ নভেম্বর বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক ও কালজয়ী ওপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী। তাঁর সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করলেও কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় অবস্থিত জন্মভিটায় দিন দিন ছোট হয়ে আসছে জন্মবার্ষিকীর আয়োজন।
একসময় সাত দিনব্যাপী গ্রামীণ মেলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা এবং রাষ্ট্রীয় পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে মুখর থাকত প্রাঙ্গণটি। এখন অনেকটাই সীমিত পরিসরে পালিত হয় জন্ম ও মৃত্যুবার্ষিকী।
আবার বাংলা সাহিত্যে এমন অসামান্য অবদান রাখা সাহিত্যিকের জন্মভিটা এখনো প্রত্যাশিত মর্যাদা ও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। এবার জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হলেও দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী গড়ে ওঠেনি স্মৃতি কমপ্লেক্স,আধুনিক জাদুঘর কিংবা সমৃদ্ধ লাইব্রেরি। জন্মভিটা সংরক্ষণ ও সাহিত্যিকের যথাযথ মূল্যায়ন না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দা, সুধীজন ও দর্শনার্থীরা। বাংলা সাহিত্যের উনিশ শতকের অন্যতম প্রধান সাহিত্যস্রষ্টা মীর মশাররফ হোসেন।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘উদাসীন পথিকের মনের কথা’সহ অসংখ্য কালজয়ী রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন এই কথাশিল্পী। উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা, সাংবাদিকতাসহ সাহিত্যের নানা শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ। একসময় তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহিনীপাড়ায় সাত দিনব্যাপী মীর উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হতো।
আলোচনা সভা, নাটক, লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশে প্রাণবন্ত হয়ে উঠত পুরো এলাকা। তৎকালীন সরকারের সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতি ছিল সেই উৎসবের অন্যতম আকর্ষণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে আয়োজনের সেই জৌলুশ। জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে এখন আর আগের মতো ব্যাপক কর্মসূচি দেখা যায় না।
বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরীর মতে, মীর মশাররফ হোসেনকে শুধু বাঙালি মুসলমানের সাহিত্যিক হিসেবে দেখার সুযোগ নেই; সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে তিনি অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যস্রষ্টা।
অথচ তাঁর সাহিত্যিক অবদান সম্পর্কে জানার আগ্রহ ও চর্চা প্রত্যাশিত মাত্রায় নেই।
তিনি বলেন, বাংলা সাহিত্যের মূলধারার একজন প্রখ্যাত লেখক মীর মশাররফ হোসেন। উনিশ শতকে যে বাংলা সাহিত্য রচিত হয়েছে, তাতে একদিকে যেমন বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর কিংবা মধুসূদনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তেমনি মীর মশাররফ হোসেনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তাঁর অবদান সম্পর্কে আমরা খুব বেশি জানি না, কিংবা জানার চেষ্টাও করি না।
তিনি ছিলেন একজন সভ্যসাচী লেখক। তিনি উপন্যাস, উপাখ্যান, নকশা, নাটক, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গান—এমনকি স্কুলপাঠ্য বইও লিখেছেন। তাঁর আরেকটি বড় পরিচয় হলো, সাংবাদিকতার ক্ষেত্রে তিনি কাঙাল হরিনাথের উত্তরসূরি। কাঙাল হরিনাথকে যদি এই অঞ্চলের গ্রামীণ সাংবাদিকতার জনক বলা হয় কিংবা সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর অবদান আমরা স্বীকার করি, তাহলে মীর মশাররফ হোসেনকেও সেই গুরুদের সঙ্গে স্বীকার করতে হবে।
অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেন ‘জমিদার দর্পণ’, ‘বিষাদ-সিন্ধু’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘এর উপায় কী’, ‘গো-জীবন’, ‘ইসলামের জয়’, ‘মদিনার গৌরব’সহ নানা বই লিখেছেন। এসব বইয়ের মধ্যে ‘বিষাদ-সিন্ধু’ এবং ‘জমিদার দর্পণ’কে আমরা চিরায়ত সাহিত্য ও উপন্যাসসাহিত্যের উল্লেখযোগ্য নিদর্শন বলতে পারি।
আমরা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের পাশাপাশি সাংবাদিক ও সাময়িকপত্র সম্পাদক মীর মশাররফ হোসেনকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ১৮৭০-এর দশকে তিনি ‘আজিজুন নেহার’ নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। আবার ১৮৯০ সালে তিনি ‘হিতকরী’ পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন।
তিনি আরো বলেন, তাঁকে নিয়ে দেশে-বিদেশে বেশ কিছু কাজ হয়েছে। তাঁর ‘বিষাদ-সিন্ধু’ ইংরেজিতে অনূদিত হয়েছে। এমনকি ভারতবর্ষ থেকেও এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। গত শতকের ত্রিশের দশকে ‘বিষাদ-সিন্ধু’র হিন্দি অনুবাদও প্রকাশিত হয়েছিল। এসব থেকে আমরা বুঝতে পারি, মীর মশাররফ হোসেন কেবল বাঙালি মুসলমানের সাহিত্যচর্চার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন নন, তিনি সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যস্রষ্টা। আমরা তাঁকে স্মরণ করি আবেগে কিংবা অবহেলায়। কিংবা বলা চলে, একটা বৃত্তের মধ্যে আমরা মীর মশাররফ হোসেনকে সীমাবদ্ধ রেখেছি। আমরা চাই, মীর মশাররফ হোসেন আরও প্রচারিত হোন, আরও মানুষের কাছে তাঁর রচনা পৌঁছে যাক। তাঁর লেখার মধ্যে যে উদার, অসাম্প্রদায়িক, সমাজমনস্ক ও মানবপ্রেমের প্রবণতা রয়েছে, আমরা চাই মানুষের মধ্যে সেই গুণগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হোক।
তিনি আরো বলেন, আমরা যখন ইতিহাসের দিকে তাকাই, বিশেষ করে কুষ্টিয়ার প্রেক্ষাপটে দেখি, তখন এখানে সংঘটিত নীল বিদ্রোহের কথা মনে পড়ে। নীলকর সাহেবরা নীলচাষিদের ওপর অত্যাচার-নিপীড়ন করেছেন। মীর মশাররফ হোসেন সেই প্রেক্ষাপটে রচনা করেছেন ‘উদাসীন পথিকের মনের কথা’। আবার জমিদার পরিবারের অন্দরমহলে কী ধরনের স্বে”ছাচারিতা, কী ধরনের অনাচার সংঘটিত হয়, সেই চিত্র তিনি এঁকেছেন ‘গাজী মিয়ার বস্তানী’তে।
তাঁর ‘বিষাদ-সিন্ধু’কে বলা হয় গদ্য মহাকাব্য। মধুসূদন একবার তাঁর বন্ধুকে চিঠি লিখে বলেছিলেন, মহররমের এমন একটি করুণ আবহ তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে; তাঁর খুব ইচ্ছে হয় মহররমকে নিয়ে একটি মহাকাব্য রচনা করার। মধুসূদন তা পারেননি সময় কিংবা প্রস্তুতির কারণে। কিন্তু মীর মশাররফ হোসেন তা পেরেছেন। আর সেই ‘বিষাদ-সিন্ধু’ একটি অমর, কালজয়ী ও চিরায়ত গ্রন্থের মর্যাদা লাভ করেছে। অন্তত এই একটি বই লিখেও যদি মীর মশাররফ হোসেন চলে যেতেন, তাহলেও তিনি বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকতেন।
অধ্যাপক আবুল আহসান চৌধুরী আরো বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে, মীর মশাররফ হোসেনকে আমরা চিনি না, চিনতে পারি না, চিনতে চাই না। তাঁর নামে যেসব অনুষ্ঠান হয়, সেসব অনুষ্ঠানে আনুষ্ঠানিকতাই সম্ভবত প্রধান হয়ে ওঠে। তাই আমরা চাইব, মীর মশাররফ হোসেনের বইগুলো মানুষের কাছে পৌঁছে যাক। তাহলে তাঁর বক্তব্য, বাণী মানুষ হৃদয়ঙ্গম করতে পারবে এবং মীর মশাররফ হোসেনের পাশাপাশি আমরা একজন মানবপ্রেমী, একজন মুক্তবুদ্ধির মানুষকেও আবিষ্কার করতে সক্ষম হব। তিনি বলেছিলেন, ‘জগৎ পরাধীন কিš‘ মন স্বাধীন। ’ তাই আজকে আমরা সেই মনের স্বাধীনতার জন্য ব্যাকুল। আমরা মীর মশাররফ হোসেনের কথা শুনতে ব্যাকুল এবং মীর মশাররফ হোসেনের চেতনায় সমৃদ্ধ হতে আমরা উদ্গ্রীব। ”
অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের প্রশ্ন, কুষ্টিয়ার এই কালজয়ী সাহিত্যিকের জন্মভিটায় প্রত্যাশিত আয়োজন ও উন্নয়ন কেন হচ্ছে না। তিনি বলেন, “মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার সম্পদ নন, তিনি সমগ্র বাংলাদেশের সম্পদ। বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন, তাঁদের সবার কাছেই তিনি একজন কালজয়ী সাহিত্যিক। মীর মশাররফ হোসেন যখন বাংলা ভাষায় সাহিত্যচর্চা শুরু করেন, তখন মুসলমানদের মধ্যে তাঁর মতো উল্লেখযোগ্য সাহিত্যিক তাঁর আগে আর কাউকে আমরা পাইনি।
তিনি আরো বলেন, নিকট অতীতে আমরা দেখেছি, কুষ্টিয়ায় তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহিনীপাড়ায় বেশ সাড়ম্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। কয়েক দিনের মেলারও আয়োজন হয়েছে। আমরা আশা করেছিলাম, মীর মশাররফ হোসেনের বাস্তভিটাকে কেন্দ্র করে একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। সেখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে। বিশেষ করে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও ভালো স্মরণিকা প্রকাশ করা হবে। কিন্তু এখন আমরা সে ধরনের আয়োজন দেখতে পাচ্ছি না। জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে ঠিকই, কিন্তু আগের মতো সেই সাড়ম্বর আয়োজন কিংবা এমন কোনো অনুষ্ঠান হচ্ছে না, যার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে তাঁর সাহিত্য, তাঁর জীবন ও দর্শনের কথা পৌঁছে দেওয়া সম্ভব।
স্মৃতিবিজড়িত জন্মভিটায় সংরক্ষিত রয়েছে মীর মশাররফ হোসেনের ছবি, ব্যবহৃত চেয়ারসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন। রয়েছে একটি পাঠাগারও। তবে এসব উদ্যোগকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার দাবি স্থানীয়দের। মীর মশাররফ হোসেনকে ঘিরে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাঁর নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল।
তাঁর ভাষ্য, ১৯৮১ সাল থেকেই তিনি এই সাহিত্যিককে নতুন করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। প্রথমদিকে মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং জন্মদিনে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোগ শুরু হয়। পরবর্তী সময়ে সাত দিনব্যাপী গ্রামীণ মেলা ও মীর উৎসবের আয়োজন করা হয়। সেখানে সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। কিন্তু এত বছরেও তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য প্রত্যাশিত মানের একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এলাকাবাসীর উদ্যোগে তাঁর নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠা করা হলেও রাষ্ট্রীয় পর্যায়ে আরও বড় উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ও দর্শনার্থী আশরাফুল ইসলামের আক্ষেপ, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কিংবা লালন সাঁইয়ের আখড়ায় যেভাবে নিয়মিত আয়োজন ও সাংস্কৃতিক কর্মকা- দেখা যায়, মীর মশাররফ হোসেনের জন্মভিটায় তেমন আয়োজন চোখে পড়ে না। তাঁর মতে, আধুনিক প্রযুক্তির যুগে নতুন প্রজন্ম অতীতের মনীষীদের ভুলতে বসেছে। পাঠ্যক্রমেও মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাঁর লেখা ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠান ও সাহিত্যচর্চার উদ্যোগ নেওয়া জরুরি।
স্থানীয় বাসিন্দা ওয়ালিদ হাসান আরিয়ানের মতে, প্রতি বছর জন্মদিনে মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও তা আরও বড় পরিসরে হওয়া প্রয়োজন। দেশ-বিদেশের মানুষের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম পৌঁছে দিতে সরকারের বিশেষ নজর দেওয়া জরুরি। তাঁর সাহিত্যিক অবদান যে পরিমাণ পরিচিতি ও সম্মান পাওয়ার যোগ্য, বাস্তবে তিনি তা পাননি।
মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা খাতুন জানায়, তাদের এলাকায় এমন একজন বিখ্যাত সাহিত্যিকের জন্ম হওয়ায় তারা গর্বিত। জন্মবার্ষিকীর মেলা ও আয়োজনের জন্য তারা অপেক্ষা করে থাকে। তবে অনুষ্ঠান আরও বেশি দিন ধরে চললে তাদের ভালো লাগবে। অন্যদিকে একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল হাসানের মতে, তাঁর স্মৃতি সংরক্ষণে আরও বড় পরিসরে জাদুঘর, বিদ্যালয় ও অনুষ্ঠান¯’ল গড়ে তোলা প্রয়োজন। বিদ্যালয় ও মাঠের পরিসর বাড়ানো গেলে বড় আয়োজন করাও সহজ হবে।
সাহিত্যিকের জন্মভিটায় স্থানীয় মানুষের আগ্রহ ও ভালোবাসার ঘাটতি নেই। ঘাটতি রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পর্যাপ্ত অবকাঠামো এবং কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীতে ফুল দেওয়া, আলোচনা সভা কিংবা কয়েক দিনের মেলার আয়োজন করে এমন একজন সাহিত্যিকের অবদানকে যথাযথভাবে তুলে ধরা সম্ভব নয়। প্রয়োজন তাঁর বাস্তভিটাকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স, আধুনিক জাদুঘর, সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা। নিয়মিত সাহিত্য সম্মেলন, নাট্যোৎসব, স্মরণিকা প্রকাশ এবং নতুন প্রজন্মের জন্য পাঠচর্চার পরিবেশ তৈরি করা।
বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীকে ঘিরে একসময় যে প্রাণবন্ত আয়োজন গড়ে উঠেছিল, তা আবার ফিরিয়ে আনার প্রত্যাশা লাহিনীপাড়ার মানুষের। তাঁদের প্রশ্ন, মীর মশাররফ হোসেনের মতো একজন সাহিত্যিকের জন্মভিটা যদি যথাযথভাবে সংরক্ষিত না হয়, তাঁর সাহিত্যকীর্তি যদি নতুন প্রজন্মের কাছে পৌঁছে না যায়, তবে জাতীয় পর্যায়ে তাঁর মূল্যায়ন হবে কীভাবে? তাঁদের প্রত্যাশা, আনুষ্ঠানিকতার বৃত্ত থেকে বেরিয়ে এবার বাস্তব উদ্যোগ নেবে সরকার। মীর মশাররফ হোসেনের জন্মভিটা হয়ে উঠবে বাংলা সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
Leave a Reply