ডেস্ক রিপোর্ট : সংরক্ষিত আসনের এমপি ও এনসিপি’র যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সরজমিনে ঘটনা পরিদর্শন করা হয়েছে। অ্যাডিশনাল এসপি গিয়েছে, থানার ওসি গিয়েছে। আজকে সকালে আমি নিজে কথা বলে এসপিকেও পাঠিয়েছি। বিজিবি টিম ওখানে গিয়েছে, যেহেতু সীমান্তের কাছাকাছি। ফায়ার সার্ভিসের ৯৯৯-এ খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে তারা পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গত রাতে ১২টা ২০ মিনিটের সময় অর্থাৎ আজকে ১২ তারিখ শুরু হয়েছে, সে সময়ে সীমান্ত থেকে ৭.৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রাম-সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটা টিনশেড আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ২০ মিটার দূরত্বে তার বাবা-মা-একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন। এই বাড়িতে কেউ থাকে না, দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।
তিনি বলেন, এখানে-যেই কথাগুলো আসছে আগুন লাগানোর-আগুন লেগেছে না লাগিয়েছে? এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমকে। এখানে বিজিবি থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে এবং সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন থাকবে যৌথভাবে, যেহেতু একজন সংসদ সদস্যের বাড়ি। পরিত্যক্ত হলেও তার অধিকারের বাড়ি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী-সবার সাথে আলোচনা করে যেটা মূল্যায়ন-পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেওয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়াও কোনো সাক্ষীর নিকট হতে পেট্রোল বোমার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি। আর কেয়ারটেকার কিছু জুতো বানানোর জিনিসপত্র আর কিছু কাপড়চোপড় ছিল, আর দুইটা ছাগল ছিল-ছাগলগুলো মারা গিয়েছে।
তিনি আরও বলেন, এখানে ঘটনাস্থলের সবগুলো ছবি, দেওয়াল থেকে শুরু করে সবকিছুর অডিও, ভিডিওসহ সবকিছু আমি কালেক্ট করে দিয়েছি। সমস্ত আলামত প্রাথমিকভাবে যেটা দেখা যায়। তাতে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে এটা অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। সবকিছু- এটা অনুমাননির্ভর। তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।
তবে এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা অধিকতর তদন্তের মাধ্যমে যদি প্রকাশ হয়, আমরা সেভাবে ব্যবস্থা নেব-এমন হুঁশিয়ারিও দেন সালাহউদ্দিন আহমেদ। বলেন, ইতিমধ্যে এই ঘটনায় একটা জিডি এন্ট্রি করা হয়েছে। সেই জিডি অনুসারে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তদন্ত করছে। জিডি নম্বর ৭০৩, আজকের ডেটে ১২/১১। এখন তদন্ত প্রক্রিয়াদীন। এ বিষয়ে আর কোনো বিশেষ বক্তব্য আমি দিতে চাই না। তবে যাই হোক, আনঅ্যাটেন্ডেড একটা অনেকটা পরিত্যক্ত বাড়ির মতো, এখানে ইলেকট্রিক ওয়্যারিং অত্যন্ত পুরাতন হওয়ায় একটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্যের যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, সেটা দেশের সকলের জন্যই আতঙ্কের বিষয়। আমি আপনাকে অনুরোধ করছি, যত শীঘ্র সম্ভব বিষয়টি তদন্ত করে আপনি সংসদে এটার একটা উত্তর দেবেন। আর যদি জানা থাকে, এই উত্তর এখনই বলতে পারেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি রেডি হয়ে এসেছি। আপনি অনুমতি দিলে বলতে পারি।
Leave a Reply