কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের রাস্তায় খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত এক যুবকের (২৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিনদিনের পুরোনো।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক ব্যক্তির মরদেহ। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।
বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ২৫ থেকে ২৬ বছর বয়সী। তার পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিলো। মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।’
এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Leave a Reply