কামরুল হাসান : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিশুদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ ও সার্বিক কল্যাণে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সাইফ-উল-আরেফীন।
সভায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শিশুদের ঝুঁকি ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিসিআর প্রজেক্ট অফিসার প্রবাল সাহা এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল।
বক্তারা বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
সভায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যসহ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলার শিশুদের সার্বিক কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে শিশুদের সমস্যা দ্রুত চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply