ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের চলমান প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ গুম-খুন, অগ্নি সন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর এই দেশ জোর করে শাসন করেছিল। তিনি বলেন, ১৭ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
তারেক রহমান বলেন, ১৭ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না।
প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটি হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন, তাদের কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন? যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে তারা।
বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা চাই, আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই, ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই, আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে যে পানি আসবে, তার মাধ্যমে কৃষক ভাইয়েরা সেচের সুবিধা পাবে। খালের পাশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ পানির কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, খালটিকে সুন্দর করে কিছুদূর পরপর ভাগ করে আমাদের তরুণদের মধ্যে বরাদ্দ করে দেওয়া হবে, যাতে করে তারা সেখানে মাছের চাষ ও হাঁস-মুরগি পালন করতে পারে। যাতে করে তাদের কর্মসংস্থান, আয়-রোজগারের ব্যবস্থা হয়। বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে সমগ্র বাংলাদেশে আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। তিনি বলেন, আমরা খাল খনন করছি, দেশের মানুষের পানির সুবিধার জন্য, কৃষক ভাইদের সেচের সুবিধার জন্য, তরুণ-যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, আমরা বলেছিলাম, সরকার গঠন করতে পারলে দেশের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দেব। আমরা দেখব না, কে কাকে ভোট দিয়েছে। সেই ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির কাজও প্রায় সম্পন্ন হয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা ফ্যামিলি কার্ড দেব। বিশেষ করে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার, প্রত্যেক নারী মাস শেষে আড়াই হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পাবে। যাতে করে সে তার পরিবারের দেখভাল করতে পারে, সন্তানদের লেখাপড়া এবং ভালো খাবারের ব্যবস্থা করতে পারে।
সরকার প্রধান বলেন, খাল খননের মাধ্যমে যেমন কৃষক ভাইদের সেচের সুবিধা করে দিতে চাই, একইভাবে আমরা বলেছিলাম, কৃষক ভাইদের কৃষক কার্ড দেব। যাতে করে একটি ফসলের বছরে সে দুটি ফসল করে, তার মধ্যে অন্তত একটি ফসলের জন্য প্রয়োজনীয় সহযোগিতা আমরা সরকার থেকে করতে পারি। তিনি বলেন, আমরা বলেছিলাম, বাংলাদেশে মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের পাশেও আমরা দাঁড়াতে চাই। সেই জন্য সরকারের পক্ষ থেকে তাদের সম্মানীর ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে এটি আরও বাড়বে। বাংলাদেশে এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানীর ব্যবস্থা করা হবে।
তারেক রহমান বলেন, আমরা ধীরে ধীরে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতি বছরের প্রথমে বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস পৌঁছে দিতে চাই। ছোট ছোট বাচ্চাদের নতুন পোশাক দিতে চাই সরকারের পক্ষ থেকে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ছেলে-মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকার থেকে উপবৃত্তি দেব। আগামী এক-দুই মাসের মধ্যে এই উপবৃত্তির কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রী বলেন, একটু আগে দুলু সাহেব (ত্রাণমন্ত্রী) বলেছেন, এখানে ইপিজেডের কথা, যাতে এই এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা জানলে খুশি হবেন, আমরা খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসের লাইন নিয়ে আসব। যাতে করে সেই গ্যাস দিয়ে কলকারখানা চালানো সম্ভব হয়। গ্যাসলাইন আমরা নিয়ে আসতে পারলে বিনিয়োগকারীরা এই অঞ্চলসহ রংপুর বিভাগে শিল্প-কারখানা স্থাপন করবে। তখন আমাদের যুবসমাজের কর্মসংস্থানের সমস্যা অনেকাংশে দূর হবে। তিনি বলেন, গত কয়েক মাসে পাঁচ লাখ যুবক ভাইকে আমরা বিদেশে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি, মধ্যপ্রাচ্যসহ মালয়েশিয়ায় আরও মানুষ যেতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আমাদের সন্তানরা যারা বিদেশে শ্রমের জন্য যাচ্ছে, কাজের জন্য যাচ্ছে, তারা যাতে কম খরচে যেতে পারে, সেই ব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দিনব্যাপী সফরে লালমনিরহাটে এসেছেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। সফরে এসে প্রধানমন্ত্রী প্রথম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এসময় তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে দেশের তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই পরিবেশ তৈরিতে কাজ করছে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। ফলে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হচ্ছে, নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
তারেক রহমান বলেন, উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে। তিনি বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন কেবল যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের বিকাশের কারণে এ খাতের সম্ভাবনা আরও বেড়েছে।
তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে নতুন কিছু উদ্ভাবন, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং অসম্ভবকে সম্ভব করার অসীম সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস এবং নতুন কিছু করার দৃঢ় প্রত্যয়।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আবারও বলেন, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে হবে। উদ্ভাবনের সাহস দেখাতে হবে এবং নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে হবে। লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রামীণ নানা আয়োজনে বরণ করেন লালমনিরহাট।
সড়কের মোড়ে মোড়ে শোভা পায় গ্রামবাংলার দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ যেমন কৃষকের হালচাষ, ঢেঁকিতে ধান ভানা এবং পালকির প্রতিকৃতি (ভাস্কর্য)। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, নৃত্য ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। লালমনিরহাট-রংপুর মহাসড়কসহ শহরের প্রধান সড়কগুলো ধুয়েমুছে পরিষ্কার করার পাশাপাশি তুলির আঁচড়ে রঙিন করা হয়েছে সড়কের দুই ধারের গাছপালা ও সরকারি স্থাপনা।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে পুরো জেলাকে গ্রামীণ বাংলার চিরচেনা রূপ ও ঐতিহ্যের আবহে সাজানো হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে পথের দুই ধারে ভিড় করেন শত শত সাধারণ মানুষ। কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
Leave a Reply