কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে ইজিবাইক/মোটরচালক ও বাজার সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজ্ শাহীনা নাছরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপদেষ্টা হিসেবে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকজ্জামান, গোপালগঞ্জ পৌর প্রশাসক রেজওয়ানা কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, যানবাহন পরিদর্শন অফিসার লিটন খান, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শহরের যানজট নিরসনে আগামী রোববার থেকে গোপালগঞ্জের ব্যস্ততম লঞ্চঘাট ও বড়বাজার এলাকা থেকে সকল ধরনের রিক্সা/ অটোরিক্সা ও মাহেন্দ্র স্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন স্ট্যান্ড গোপালগঞ্জ স্টেডিয়াম ও লেকপার সংলগ্ন এলাকায় স্থাপন করা হবে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। এছাড়াও সভায় সড়ক পরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, চালক-মালিকদের যৌক্তিক সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈধ পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়।
Leave a Reply