কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১টার পর বহির্বিভাগে (আউটডোর) কোনো চিকিৎসককে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এতে বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে ফিরে এসেও সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে বহির্বিভাগে চিকিৎসক না থাকার এমন চিত্র দেখা যায়।
উপজেলার কালাইয়া ইউনিয়নের কপূরকাঠী এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মো. আনোয়ার হোসেন বলেন, সকালে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য বাইরে পাঠানো হয়। পরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে ফিরে এসে দেখি কোনো চিকিৎসক নেই। এখন রিপোর্ট দেখাব কাকে? চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যেতে হবে।
নাজিরপুর ইউনিয়ন থেকে আসা সাবেক শিক্ষক মফিজুর রহমান বলেন, দুপুর ১টার পর চিকিৎসা নিতে এসে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। সকালে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করাতে হয়েছে। পরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে ফিরে এসে যদি চিকিৎসক না পাওয়া যায়, তাহলে এত দূর থেকে হাসপাতালে আসার কোনো অর্থ থাকে না। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসকদের হাসপাতালে দায়িত্ব পালনের কথা। সে হিসাবে দুপুর ১টার পরও বহির্বিভাগে চিকিৎসকদের উপস্থিত থাকার কথা থাকলেও ওই সময় চিকিৎসক না পাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই যদি চিকিৎসক পাওয়া না যায়, তাহলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীরা তাঁদের রিপোর্ট দেখাবেন কার কাছে? বিশেষ করে প্রত্যন্ত এলাকা থেকে আসা অসুস্থ ও বয়স্ক রোগীদের জন্য এ পরিস্থিতি আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, প্রতিদিন সব চিকিৎসক নির্ধারিত সময় পর্যন্ত হাসপাতালে দায়িত্ব পালন করেন। বুধবার কেন এমন পরিস্থিতি হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হবে। আমি এ সময় পটুয়াখালীতে একটি প্রশিক্ষণে ছিলাম।
চিকিৎসাসেবার নির্ধারিত সময়সূচি যথাযথভাবে বাস্তবায়ন, বহির্বিভাগে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখানোর জন্য রোগীদের শেষ সময় পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply