ডেস্ক রিপোর্ট : দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত রুখে দিতে এবং একাত্তর ও চব্বিশের পরাজিত অপশক্তিকে প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলে রাখার আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সিলেটে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবদুল মোনায়েম মুন্না বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও গুপ্তরা সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারেক রহমানের সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন অপতৎপরতা রুখতে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে সিলেটের রাজপথে সর্বদা সোচ্চার থাকতে হবে। চব্বিশের গণহত্যাসহ সিলেটের কৃতীসন্তান এম ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ। উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।
পরবর্তীতে প্রধান অতিথি মোনায়েম মুন্নার নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
Leave a Reply