ডেস্ক রিপোর্ট : আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন নির্বাচনসহ ভবিষ্যতে কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজন করা হবে। এ ক্ষেত্রে উপজেলা সদরের আওতাধীন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইভিএম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে এই যন্ত্র ব্যবহার করা হবে না। তবে নির্বাচন কমিশনের সংরক্ষণে থাকা ইভিএমগুলো কীভাবে বাতিল বা নষ্ট করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে নাগরিকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য সংগ্রহের পরিধি বাড়ানোর পরিকল্পনাও করছে নির্বাচন কমিশন। এ জন্য ছয় বছর বয়স থেকেই নাগরিকদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য বা ডেটা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ইসি সচিব।
Leave a Reply