ডেস্ক রিপোর্ট : কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (১৫ আগস্ট) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হাজারিখিল অভয়ারণ্য পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, কাঠ পুড়িয়ে যদি কোনো ইট তৈরি করা হয়, তাহলে সংশ্লিষ্ট ডিসি, ইউএনও এবং পরিবেশের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এ ধরনের কোনো ইটভাটা পাওয়া গেলে আমরা কঠোর অবস্থানে থাকব।
তিনি বলেন, চট্টগ্রামে ইতোমধ্যে ২৩ লাখ ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। ফটিকছড়ি ও হাটহাজারীতেও বৃক্ষরোপণ ও গাছ সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রেখে যেতে চান তারা। সেই লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সবাইকে সচেতন করার পাশাপাশি সঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তা দেখতেই আমরা মাঠপর্যায়ে পরিদর্শন করছি।
হালদা নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলছি। প্রাণ-প্রকৃতি রক্ষায় সমন্বিতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করা হবে।
গাছ পাচার ও বন উজাড়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার আন্তরিক। পরিবেশ ধ্বংস হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বন বিভাগের জমি যারা দখল করে রেখেছে, তাদের উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply