ডেস্ক রিপোর্ট : জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর পক্ষে মত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ টাকা এবং এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত। তারা এলাকায় গেলে মানুষ বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য আসে এবং তখন নয়-ছয় করে সেগুলো সামাল দিতে হয়।
এ সময় বিরোধী দলের সমালোচনা করে নুরুল হক নুর বলেন, গত সাড়ে পাঁচ মাসে যারা সরকারের সমালোচনা করছে, তা সম্পূর্ণ হিংসা, বিদ্বেষ ও অবিবেচনা প্রসূত। সাড়ে পাঁচ মাসের একটি সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।
আটটি বিভাগে আটটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণ করতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা সদর ও জেলা সদরের হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে চিকিৎসা সেবা পাচ্ছে না। শহরেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। এজন্য বর্তমান সরকার প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নতিকরণ ও জেলা সদরের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করছে।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে যারা দেশকে নরক বানিয়েছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কার্যক্রমে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের আহ্বায়ক ও সরকারের উপসচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের সভা প্রধান তাসলিমা আখতার, জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, বাংলাদেশ রেলওয়ে বিভাগের সহকারী সার্জন ডা. সাকিব শাহরিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
Leave a Reply