ডেস্ক রিপোর্ট : নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের দ্রুত ও সমন্বিত সেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিসি) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে এ তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
বুধবার জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এ কথা জানান।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, ভুক্তভোগীদের চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ, আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
আলোচনায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউএনএফপিএর ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০২৪’-এর তথ্য তুলে ধরে বলেন, দেশের ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া ৬২ শতাংশ ভুক্তভোগী তাদের অভিজ্ঞতার কথা কখনো কাউকে জানাননি।
তিনি প্রশ্ন রাখেন, একজন নারী যদি নিজ ঘরেই নিরাপদ না হন এবং একটি কন্যাশিশু পরিচিত পরিবেশেও নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার সাহস কীভাবে দেওয়া সম্ভব?
জবাবে মন্ত্রী জানান, প্রথম পর্যায়ে দেশের আটটি পুরোনো মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হয়। পরে আরও ছয়টি নতুন মেডিকেল কলেজে এ সেবা সম্প্রসারণ করা হয়। বর্তমানে দেশে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এসব কেন্দ্রে চিকিৎসা, আইনি সহায়তা, ডিএনএ ও ফরেনসিক পরীক্ষা, মনোসামাজিক সহায়তা এবং পুনর্বাসনসহ সমন্বিত সেবা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে ২২ জন জনবল থাকার কথা, যার মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ কর্মকর্তা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আইন কর্মকর্তা ও অন্যান্য সহায়ক কর্মী রয়েছেন।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সেবার পরিধি আরও বাড়ানো যায়।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল চালু রয়েছে। এর মধ্যে ৩০টি জেলা সদরে এবং ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত। এসব সেবা কেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত ৮১ হাজার ৯২৮ জন ভুক্তভোগী সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে ৪৯ হাজার ৭৬৭ জন শারীরিক নির্যাতনের, ৩১ হাজার ৫৯৬ জন যৌন নির্যাতনের এবং ৫৬৫ জন অগ্নিদগ্ধের শিকার ছিলেন।
সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা এবং সব উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল বা সেন্টার চালু করা বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, আগে এ কার্যক্রম ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেল’ নামে পরিচালিত হলেও পরে ‘মাল্টি-সেক্টরাল অ্যাপ্রোচ’ হিসেবে পরিচালিত হয়েছে। বর্তমানে নতুন করে ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনো ঘটনা ঘটার পর দ্রুত ভুক্তভোগী ও তার পরিবারের পাশে দাঁড়ানো এবং দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়।
এ সময় নিপুণ রায় জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন ১০৯ সম্পর্কে সচেতনতার ঘাটতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জরিপ অনুযায়ী মাত্র ২২ দশমিক ৩ শতাংশ নারী ১০৯ হেল্পলাইন সম্পর্কে জানেন। অনেকেই কোথায় অভিযোগ করতে হবে, সে সম্পর্কেও অবগত নন।
এর জবাবে মন্ত্রী বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক সমস্যা। এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।
এদিকে জাতীয় হেল্পলাইন ১০৯-এর কর্মীদের বেতন-সংক্রান্ত সমস্যার কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কল সেন্টারের কর্মীরা দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে থোক বরাদ্দের মাধ্যমে তাদের বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply