ডেস্ক রিপোর্ট : রাজনীতির নামে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মঙ্গলবার (৯ জুন) দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত ফ্যাসিবাদবিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রিমন খন্দকার।
সভায় বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হোক, জনগণ ভালো থাকুক—নিষিদ্ধ দলটি তা চায় না। দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের কারাবন্দি ও পলাতক নেতারা কিছু সন্ত্রাসী কর্মীদের উসকানি দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠনের সব গণবিরোধী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির নামে ভণ্ডামি, সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো গণবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, সদস্য সচিব পাবেল আহমেদ, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত।
সভা শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘আওয়ামী সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
Leave a Reply