ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ঢাকা মহানগর এলাকায় আরও চারটি নতুন থানা করার পরিকল্পনা করা হচ্ছে। এরমধ্যে একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের ‘চেষ্টা চলছে’।
শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আমরা আরও শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, আমরা এখনো আদেশ পাইনি, পেলে আমরা ওই এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও (যানবাহন ব্যব্স্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ) ওয়ার্কশপসহ পুলিশ লাইন্স স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।
Leave a Reply