ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর আগামী ২০ এপ্রিল বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃকভিটায় যাচ্ছেন। সফলকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরে বগুড়া সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন।
প্রধানমন্ত্রীর আগমনের খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এসব তথ্য পাওয়া গেছে।
তবে সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তিনি অফিসিয়ালি কোনো চিঠি পাননি।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে জানা গেছে, ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। বেলা সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইনস মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে গাড়িতে বেলা পৌনে ১১টায় বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছবেন।
এ অনুষ্ঠানে দেশের ১৫টি জেলায় একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা ১১টায় বগুড়া সিটি করপোরেশনের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাবনা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী সড়কপথে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে পৈতৃকভিটায় জিয়া বাড়িতে যাবেন। বেলা পৌনে ১২টায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বহমান চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন। বেলা পৌনে ১টায় তিনি বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্বোধন করবেন। বেলা ২টায় পৈতৃকভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে তিনি সড়কপথে বগুড়া সার্কিট হাউসে যাবেন। সেখান থেকে বগুড়া পুলিশ লাইনস হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ তারা জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী নিজেই ২০ এপ্রিল বগুড়া সফরের বিষয়টি নিশ্চিত করেন। সফরকালে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জিয়াবাড়ি পরিদর্শন করবেন।
বগুড়া সিটি করপোরেশনের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের অফিসিয়ালি কোনো চিঠি হাতে পাননি। তবে প্রধানমন্ত্রী বগুড়ায় ভালো কিছু নিয়ে আসছেন এটা বলা যায়।
সংসদ সদস্য আরও বলেন, দীর্ঘদিন পর বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিয়ে জেলার সর্বত্র নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সবার মাঝে সাজ সাজ রব পড়েছে। এক নজর তাকে দেখার জন্য সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।
Leave a Reply