কামরুল হাসান, কোটালীপাড়া : বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর সকাল ৮টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কোটালপাড়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
পরে স্বাধীনতা দিবস উপলক্ষে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এবং কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ হোসেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্যারেড শেষে একই মাঠে কুচকাওয়াজে অংশ নেয় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা উপস্থিত দর্শকদের মাঝে দেশপ্রেমের এক অনন্য আবহ সৃষ্টি করে।
Leave a Reply