ডেস্ক রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের কয়েকজন নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন বলে খবর। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেও গেছেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন। তাদের সঙ্গে ছিলেন শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমও। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে এমন তথ্য উঠে এসেছে।
গণমাধ্যম দুটির রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিতে বিভিন্ন রুট নিয়ে ভাবছেন ওই চার নেতা। তাই পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও ঘুরে দেখার পরিকল্পনা তাদের।
একইরকম তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে কোনো পাসপোর্ট দেওয়া হবে না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
সম্প্রতি এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ।
তবে কীভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করানো যায় প্রশ্নে তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
Leave a Reply