ডেস্ক রিপোর্ট : দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। তবে সংলাপে অংশ নিলেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে কয়েকটি বিষয়ে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার চায় দলটি।
জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
নাহিদ ইসলামের দাবি, জাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তার মতে, এর মাধ্যমে সরকার জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে আন্তরিক কি না, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট বার্তা যাবে।
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকারের পক্ষ থেকে যেসব অঙ্গীকার পূরণ করা হয়নি, সেগুলোর বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আস্থা তৈরির মতো কার্যকর পদক্ষেপের মধ্য দিয়েই ঐক্যের প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংকটপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। বৈঠকে প্রধানমন্ত্রী কীভাবে দেশের চলমান পরিস্থিতি মোকাবিলা করতে চান এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তার পরিকল্পনা কী, তা আগে জানতে চায় দলটি।
তবে এনসিপির মতে, কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের অঙ্গীকার ছাড়া জাতীয় ঐক্য অর্থবহ হবে না। এসব বিষয়ের মধ্যে রয়েছে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়ন। এসব বিষয়ে এনসিপির নিজস্ব প্রস্তাব রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সেগুলো তুলে ধরা হবে।
Leave a Reply