গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।
অংশগ্রহণকারীরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।
তাদের ভাষ্য, এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে কাজ করতে গিয়ে তাদের কাছে পুরো আয়োজনটি অনেকটা ঈদের আমেজের মতো মনে হয়েছে।
স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
Leave a Reply