ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের কথিত মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক ১৬ জুন, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে একজন ব্যক্তিকে মাদকসদৃশ কিছু সেবন করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তিকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বলে অনেকে দাবি করছেন তবে ভিডিওটির সত্যতা এবং এতে থাকা ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এছাড়া ভিডিওতে যে কক্ষ বা রুমটি দেখা যাচ্ছে, সেটি গোপীনাথপুর হাট অফিস বলে স্থানীয়দের একটি অংশ দাবি করছেন। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি গ্যাস লাইট জ্বালিয়ে দিচ্ছেন অপর দুই ব্যক্তি মাদকের ধোঁয়া টানছেন , তার মধ্যে একজন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বলে অধিকাংশজন দাবি করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ওই গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অপু বলেন, ঘটনা আমি কেবল জানলাম, সত্যতা পেলে অবশ্যই জেলা/উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সাংগঠনিক সিদ্ধান্ত নিবেন। আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ভিডিওটি আজকেই আমাদের নজরে এসেছে। এখনো এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, আমরা আপাততঃ তাকে শোকজ করছি এবং তদন্ত চলমান থাকবে,ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, বিষয়টি আমরা জেলা নেতৃবৃন্দ শুনেছি। আক্কেলপুর উপজেলা সভাপতি সেক্রেটারি সাহেবকে ঘটনার সত্যতা অনুসন্ধানের দায়িত্ব প্রদান করা হয়েছে, সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সাইদুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোন 01743-………273 নং এ যোগাযোগের চেষ্টা করা হলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সচেতন মহলের মতে,একজন রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি মাদক সেবনের মত গর্হিত অপরাধ সংগঠনের প্রামাণ্য কাজ করলে তার তড়িৎ শাস্তি হওয়া উচিত। আবার অন্য এক পক্ষ বলছেন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও বা তথ্যের সত্যতা যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তারা ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রকৃত অবস্থা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
Leave a Reply