পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১০০টি বাড়ির ১১০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মানিকনগর, ফায়ার সার্ভিস-সংলগ্ন এলাকা, নোয়াপাড়া নতুন মসজিদ-সংলগ্ন এলাকা ও সবুর ভূঁইয়া টেক্সটাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব এলাকার ১০০টি বাড়ির ১১০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল তাওহিদ ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবির এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply