কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্য গ্রহণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি প্রশিক্ষণ শেষ হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় খাতের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এ প্রশিক্ষণে পুষ্টি সচেতনতা তৈরিতে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
২৯ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণটি বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।
প্রশিক্ষণে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে পুষ্টি বিষয়ে জনসচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ এবং বাংলাদেশ অ্যাপ্লায়েড নিউট্রিশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কেন্দ্র, বরিশালের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা ছিমি।
Leave a Reply