এ ঘটনায় সুজন মাস্টারসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত মোস্তাফিজুর রহমান সুজন। সোমবার (১৫ জুন) রাতে অভিযোগটি দায়ের করা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামের দুই ভাই দীর্ঘদিন ধরে তিনগাছতলা বাজার থেকে রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি পোল্লাখাদা গ্রামের একটি চক্র তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুন সন্ধ্যায় অভিযুক্তরা সুজন মাস্টারের বাড়ির সামনে থাকা ডিস ও ইন্টারনেট লাইনের ক্যাবল কেটে দেয়। পরে মেহেদী হাসান লাইন মেরামত করতে গেলে তাকে ঘিরে ধরে পুনরায় চাঁদা দাবি করা হয়। এতে অস্বীকৃতি জানালে লাঠি, লোহার রড ও শাবল দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে একটি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার মোটরসাইকেল ও প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের অপটিক্যাল ফাইবার জয়েন্ট মেশিন আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে খবর পেয়ে বড় ভাই মোস্তাফিজুর রহমান সুজন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। হামলার সময় তার নাকে গুরুতর আঘাত করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে। এছাড়া তার কাছে থাকা ব্যবসার কালেকশনের ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার সময় হামলাকারীরা তাদের বহনকারী অটোরিকশা ভাঙচুর করে চিকিৎসায় বাধা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলাকারীরা ভবিষ্যতেও ওই এলাকায় ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিয়েছে। তাদের মোটরসাইকেল ও ফাইবার মেশিন এখনও অভিযুক্তদের দখলে রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সুমঙ্গল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply