ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় পাশে দাঁড়িয়েছে সরকার। সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবার এবং উত্তরাধিকারীদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে মোট ৮৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুবিধাভোগী ও তাদের মনোনীত ওয়ারিশদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এছাড়া বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় সুধীজন এবং আর্থিক সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইনের আওতায় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা এবং সাধারণ আহতদের চিকিৎসার জন্য এক লাখ থেকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।
Leave a Reply