কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাবু শেখ (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার নাগরা গ্রামে। অভিযুক্ত বাবু শেখ ওই গ্রামের লায়েক শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন। স্বামী বিদেশে থাকার সুযোগে বাবু শেখ বিভিন্ন সময় চলাচলের পথে ওই গৃহবধূকে একা পেয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার এমন আচরণে গৃহবধূ তাকে এড়িয়ে চলতেন।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বাবু শেখ ওই গৃহবধূকে নির্জন স্থানে একা পেয়ে পথরোধ করে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি আরও বেশি বিরক্ত করতে থাকেন। পরে বিষয়টি গৃহবধূ তার পরিবারের সদস্যদের জানালে বাবু শেখ ক্ষিপ্ত হন বলে অভিযোগ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট গভীর রাতে বাবু শেখ ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন টর্চের আলো নিয়ে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি তাদের কাছ থেকে ছুটে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার চার দিন পর গত ৪ সেপ্টেম্বর ওই গৃহবধূ বাদী হয়ে বাবু শেখের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
কোটালীপাড়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবু শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a Reply