কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মাদক নয়, আলো চাই, মাদকমুক্ত এলাকা চাই’—এই স্লোগানকে সামনে রেখে কালিশুরী ইউনিয়নের উত্তর পোনাপুরায় মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
বক্তারা আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকায় কোথাও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তাঁরা।
তাঁরা বলেন, যুবসমাজ সচেতন ও ঐক্যবদ্ধ হলে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কালিশুরী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে কালিশুরীকে মাদক, চুরি ও ডাকাতিমুক্ত করতে স্থানীয় জনগণ, যুবসমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
Leave a Reply