ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার প্রধানের বাজারে গভীর রাতে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিমাতা বোন সাহেরা শিমু ও বোন জামাই আব্দুল হালিম প্রামানিকের বিরুদ্ধে ভাড়াটিয়া লোকজন নিয়ে বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ সময় বাড়ির তিন সদস্যকে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখা হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।
ভুক্তভোগী শ্রাবণের মায়ের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরে প্রধানের বাজার এলাকায় নিজেদের বসতবাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন শেষ রাত সাড়ে ৩টার দিকে বাড়িটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সাহেরা শিমু ও তাঁর স্বামী আব্দুল হালিম প্রামানিক ভাড়াটিয়া লোকজন নিয়ে বাড়িতে হামলা চালান।
এ সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করলে পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে বাড়ির মালিক শ্রাবণ, তাঁর স্ত্রী ও মাকে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে হামলাকারীরা বাড়ির বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক অবস্থায় থাকা তিনজনকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
Leave a Reply