দেশে জ্বালানি তেলের দাম এবং সব দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৪ এপ্রিল) দুপরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ছাড়া আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে জ্বালানি তেলের দাম বাড়েনি। অনেক দেশে জ্বালানি তেলের দাম দুই-তিনগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম শতকরা ৫০ ভাগ বেড়ে গেছে। সেই জায়গায় বাংলাদেশ সরকার এখনো জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি করেনি। এটা বাংলাদেশ সরকারের সফলতা।
শহীদ জিয়ার পররাষ্ট্রনীতির কারণে মধ্যপ্রাচ্যের সঙ্গে হওয়া সুসম্পর্কের কথা জানিয়ে শামা ওবায়েদ বলেন, আমাদের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপুর্ণ দিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পররাষ্ট্রনীতি শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক হয়। এ কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরানসহ মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দিচ্ছে। বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের ভাই-বোনেরা ওখানে সুরক্ষিত আছে, নিরাপদে আছে।
সুসম্পর্কের কারণে সহজেই তেল-গ্যাস পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশ আমাদের বন্ধু রাষ্ট্র হওয়ার কারণে যুদ্ধের মধ্যেও তেল-গ্যাস আমরা সহজে আনতে পারছি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি, বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রনীতি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতি।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে শামা ওবায়েদ আরও বলেন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই করুন। দেশের মানদণ্ডে এটা কোনো পর্যায়ের মধ্যে পড়ে না। এখানে পর্যাপ্ত লোকবল নেই, প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, এখানে জায়গার অভাব রয়েছে। এসব সমস্যার সমাধান দ্রুত করতে হবে। গত ফ্যাসিবাদের সময় অনেক বরাদ্দ হয়তো এসেছে, কিন্তু বরাদ্দটা কাজে লাগেনি। চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে কিন্তু উন্নয়নের কাজে খরচ হয়নি। বিএনপি সরকার অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম নূরুল ইসলাম খান প্রমুখ।
Leave a Reply