কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের আদেশ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে মিছিল, সমাবেশ, স্লোগান। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি চলে।
রবিবার (১ মার্চ) কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনসহ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর প্রতিবাদে রবিবার রাতেই জুলাই যোদ্ধার ব্যানারে মিছিল সমাবেশ করে একদল মানুষ। পরে সোমবার বেলা সাড়ে দশটার দিকে একই ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ সমাবেশ করা হয়। আন্দোলনেকারীরা ইকবাল হোসেনকে মানবিক ডিসি আখ্যা দিয়ে তার প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানান। এ সময় তারা জেলা প্রশাসকের পক্ষে নানা স্লোগান দেন। দুপুর একটার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন কার্যালয় থেকে গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করলে আটকে দেন আন্দোলনকারীরা। তবে কিছুক্ষণ পর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় জামাত ও শিবিরের কয়েকজন কর্মীকে দেখা যায়। এদিকে বেলা সাড়ে তিনটার দিকে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা জেলা প্রশাসকের পক্ষের আন্দোলনকারীদের মবকারী আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, সরকারি কর্মকর্তার বদলি নিয়ে কোন রাজনীতি করা চলবে না। কর্মকর্তাদের বদলি, প্রত্যাহার এসব নিয়মিত ঘটনা। এ বিষয়ে কে কেন্দ্র করে যারা মব সৃষ্টি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে।
Leave a Reply