পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
১২ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ বিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন
দেওয়া হয়েছে শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করাই রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে ও ভালো পরিবেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনের জন্য চিকিৎসাসেবার পাশাপাশি পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মাছের পোনা অবমুক্তকরণের মতো উদ্যোগ স্থানীয়ভাবে মৎস্যসম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি সুযোগ। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব। রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে। তাই ৫০ বেড থেকে ১৫১ বেড নয় এটাকে যেন ২৫১ বেড হাসপাতালে উন্নতি করা হয়।
তিনি বলেন, এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। একই সঙ্গে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে। জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রাশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম প্রমুখ।
মেডিক্যাল ক্যাম্পিংয়ের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব এড. মাহফুজুর রহমান হুমায়ুন।
Leave a Reply