বাউফল বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে মাদক হিসেবে ব্যবহৃত হোমিওপ্যাথিক সিরাপ ‘রেকটি’ চার বোতলসহ মো. মজিবর রহমান খান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বগা ব্রিজের পশ্চিম পাশে জসিমের দোকানের পূর্ব পাশে সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চার বোতল ‘রেকটি’ সিরাপ ও নগদ ৩ হাজার ৭৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মজিবর রহমান খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিবর রহমান বাউফল উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আয়েন উদ্দিন খান।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার বোতল রেকটি সিরাপ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply