ডেস্ক রিপোর্ট : পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সীমান্তপথে বাংলাদেশে প্রবেশের গুঞ্জনের মধ্যে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া দিন ও রাতে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ যাতায়াত বা অনুপ্রবেশের ঘটনা না ঘটে।
এতে আরও বলা হয়, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়েও টহল পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিজ্ঞপ্তিতে বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ যাতায়াত প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply