ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন যাত্রীরা। বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
যাত্রীসেবার বর্তমান মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এ সেবা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার রাত ৮টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবার উন্নতি হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন। সেবার মান নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান। তবে এ মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তা বাস্তবায়িত হয়েছে।
যাত্রীরা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সৌদি রুটে বিকল্প ফ্লাইটের চেষ্টা
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।
Leave a Reply