ডেস্ক রিপোর্ট : দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগামীতে যারাই ষড়যন্ত্র করতে চায়, তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করে ফেলতে হবে।
রোববার বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছি। বিগত ১৭ বছর রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনের দিনগুলোর কথা আপনারা কি ভুলে গেছেন? পতিত আওয়ামীলীগ সরকারের সময় সারা দেশের বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা, নির্যাতনসহ দমন-পীড়ন সহ্য করে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন।
তিনি দাবি করেন, নিষিদ্ধ আওয়ামীলীগ ও বর্তমান বিরোধী পক্ষের কার্যক্রম একাকার হয়ে গেছে। তারা আগামী ডিসেম্বরে বিএনপি সরকারের পতন ঘটানোর কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সাংবিধানিকভাবে যারা রাজনীতিতে নিষিদ্ধ, তাদের পূর্বের ইতিহাস আপনারা সবাই জানেন। গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি, জনগণের কণ্ঠ চেপে ধরা, কথা বলতে না দেওয়া ও দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে। তার দাবি, নিষিদ্ধ আওয়ামীলীগ দেশে অরাজকতা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।
দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কারও নেওয়ার ক্ষমতা নেই। তিনি ভারতীয় সম্প্রসারণবাদের বিরোধিতা করে প্রয়াত খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে বলেন, আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের প্রভু নেই।
ভারতের আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, দেশের বিদ্যুতের ঘাটতি তৈরির জন্য সরবরাহ কমিয়ে অর্ধেকে নিয়ে আসা হয়েছে।
Leave a Reply