ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের কথিত মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাটে অবস্থিত সার গোডাউন এলাকায় এ কর্মসূচি পালন করেন বলরামপুর ও পীরগাছা গ্রামের সর্বস্তরের সচেতন জনগণ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বলরামপুর গ্রামের মোন্নাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগও রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
বক্তারা বলেন, এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সরকার টুলু, জসিজার রহমান (সন্জু), মশিউর রহমান মিঠুন, মিজানুর রহমান, সালাম মিয়া, নুরমোহাম্মাদ (পিন্স)সহ বিএনপি জামাতের স্থানীয় নেত্রী বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
তবে অভিযুক্ত মোন্নাফ মন্ডল মিঠু ও হামিদা বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a Reply