ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাব-১৩ এর অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌর এলাকার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রংপুরগামী বিশ্বরোডে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী B.M. V.I.P নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসটির চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার ১০ নম্বর ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply