ডেস্ক রিপোর্ট : জামালপুরের বকশীগঞ্জে রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পতাকা বৈঠকে দুই বাহিনী ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে বিজিবি সদস্যরা বলেন, ‘আপনারা গুলি করলে কি আমরা বসে থাকব? আমাদের কি গুলি নাই।’
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ১০৮২ পিলারের পাশে প্রায় ৬০ বছরের এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দগঞ্জ থানার নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করলে নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। বাধার মুখে ওই ব্যক্তি নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নিতে বাধ্য হন।
পরিস্থিতি জটিল আকার ধারণ করলে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শক নেতৃত্ব দেন। তবে বৈঠকে কোনো সমাধান হয়নি।
বিএসএফ ওই ব্যক্তিকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে নো-ম্যান্স ল্যান্ডে রেখেই ফিরে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রমতে- ওই সময় বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তারা বলেন, ‘আপনি কেন গুলি করার কথা বললেন? গুলি আপনার কাছে আছে, আমাদের কাছে নেই। আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’।
এরপরও বিএসএফ সদস্যরা কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয়দের অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শেষপর্যন্ত ওই ব্যক্তিকে নো-ম্যান্স ল্যান্ডে রেখেই উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে যায়। বর্তমান ওই বৃদ্ধ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আটকে আছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, কয়েক দিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। বুধবার সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন। পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
Leave a Reply