সাদুল্লাপুরে ডিজেলের ড্রামে পড়ে প্রাণ গেল আড়াই বছরের শিশু আরাফের
Update Time :
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
২৮
জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আড়াই বছরের শিশু আরাফের। সে ওই গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান।
পরিবারের অগোচরে খেলার ছলে সে এগিয়ে যায় একটি কাটা প্লাস্টিকের ড্রামের দিকে, যেখানে ট্রাকের ট্যাংকি থেকে নামানো প্রায় ৫০ লিটার ডিজেল তেল সংরক্ষণ করে রাখা ছিল। ড্রামটি ঢেকে রাখা থাকলেও তা নিরাপদ ছিল না। মুহূর্তের অসতর্কতায় ড্রামের ভেতরে পড়ে যায় নিষ্পাপ শিশুটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রামে পড়ে গিয়ে আরাফ ডিজেল পান করে ফেলে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল ছোট্ট আরাফের। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। বুধবার (২২ এপ্রিল) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। মায়ের বুকফাটা কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার বিবরণে জানা যায়, বাবু মিয়ার ট্রাকের ডিজেল ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য তেলগুলো বাড়ির বারান্দায় একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই ড্রামই হয়ে ওঠে মৃত্যুফাঁদ।
বুধবার সকালে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। শেষবারের মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরার আকুতি আর কান্নায় স্তব্ধ হয়ে পড়ে উপস্থিত সবাই।
এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দেয় সামান্য অসতর্কতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। একটু সচেতনতা হয়তো বাঁচাতে পারত একটি নিষ্পাপ প্রাণ, ফিরিয়ে দিতে পারত একটি পরিবারের হাসি।
Leave a Reply