শাহীন আলম লিটন, কুষ্টিয়া :কুষ্টিয়ায় দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম বলেন, বাস মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। দুইটি দাবিতে মালিক গ্রুপের সাথে আমাদের বৈঠক হয়েছে। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানায় আজ (শুক্রবার) সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সাথে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস, মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। একটি হলো- পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয়, শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়টি শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তারা আজ সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।
Leave a Reply