কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাড়িতে বাড়িতে ব্যানার টাঙিয়ে নারীদের জড়ো করে ওষুধ বিক্রির অভিযোগে একটি ইউনানী ওষুধ কোম্পানির তিন বিক্রয় প্রতিনিধিকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় প্রতিনিধিদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রহিম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বিজি ল্যাবরেটরিজ (ইউনানী)’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানার টাঙিয়ে বিভিন্ন রোগের ওষুধ বিক্রি করছিলেন ওই তিন প্রতিনিধি। স্বল্পমূল্যে ওষুধ বিক্রির বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কোম্পানির অনুমোদন ও লাইসেন্স নিয়ে প্রশ্ন ওঠে। পরে স্থানীয়রা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের মোহাম্মদ মামুন সরদার, একই এলাকার রমজান আলীর ছেলে ইয়ামিন এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাঙ্গা গ্রামের মোহাম্মদ জামাল হোসেন।
প্রতিনিধিদের দাবি, তারা কোম্পানিতে চাকরি করেন এবং ওষুধ বিক্রির দায়িত্ব পালন করছেন। তবে কোম্পানির প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স রয়েছে কি না, তা তারা জানেন না। তাদের মধ্যে ইয়ামিন অষ্টম শ্রেণি এবং অপর দুজন এসএসসি পাস বলে দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকায় একই ধরনের কার্যক্রম চালানো হয়েছিল। কয়েক মাস পর আবারও বিভিন্ন গ্রামে ব্যানার টাঙিয়ে নারীদের জড়ো করে ওষুধ বিক্রি করা হচ্ছিল। একেকটি ওষুধের দাম ১ হাজার ৫০০ টাকা হলেও ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছিল। তাদের দাবি, এভাবে বিভিন্ন গ্রাম থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, এসব কার্যক্রমের মাধ্যমে নারীদের প্রতারিত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পটুয়াখালী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সিকদার কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply