ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলার ৭নম্বর বম্বু ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার দেরিতে অফিসে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, অফিসে উপস্থিত হওয়ার নির্ধারিত সময় সকাল ১০টা হলেও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আলপনা পারভীন উপস্থিত হন দুপুর ১টা ৩৭ মিনিটে। সাংবাদিকদের উপস্থিতির কথা জানার পর তিনি কার্যালয়ে আসেন বলে অভিযোগ উঠেছে। অফিসে দেরিতে আসা এটি নিত্য দিনের রুটিন হয়েছে বলেও জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতির সময় এমন পরিস্থিতি দেখা যায় বলে জানা গেছে। অফিসের কার্যক্রম শুরুর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রশাসনিক কর্মকর্তাকে কার্যালয়ে পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ৩৭ মিনিটে তাঁর উপস্থিতির বিষয়টি সামনে আসে। আলপনা পারভীন এর অনুপস্থিতিতে তার টেবিলে একাধিক নথিপত্র জমা থাকতে দেখা যায়।
আলপনা পারভীন জয়পুরহাট সদর উপজেলায় স্থায়ী বাসিন্দা। নিয়মিত নানা কাজের অজুহাত দেখিয়ে অফিস টাইম লেট করে আসেন প্রতিনিয়ত।
সাংবাদিকদের এক সাক্ষাৎকারে আলপনা পারভীন জানান, নিয়মিত তিনি সঠিক সময়ে অফিসে আসেন, কিন্তু কয়েকমাসে একাধিক চেয়ারম্যান পদ পরিবর্তন হবার কারণে তাদের ব্যাংক একাউন্ট পরিবর্তন করতে কাগজ পত্র নিয়ে ব্যাংক ও বিভিন্ন অফিসে যেতে হচ্ছে।
তিনি আর বলেন, “আমার বাসা জয়পুরহাট সদরে হবার কারণে আমি সরাসরি অফিসে না এসে যাবতীয় কাজ সেরে ইউনিয়ন পরিষদে আসলাম।”
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, “সরাসরি অফিসে না এসে ও হাজিরা না দেখিয়ে লেট করে আসা আমার উচিৎ হয়নি।”
এ বিষয় নিয়ে ইউনিয়নের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, “আমি মাত্র ১৫ দিন পূর্বে দায়িত্ব নিয়েছি, আলপনা পারভীন এর পূর্বে অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ছুটিতে ছিলেন। তবে বর্তমান তিনি কেন অফিসে নিয়মিত হচ্ছেন না সে বিষয়ে আমি বলতে পারবনা।”
এ সময় জনগণের ভোগান্তির বিষয় নিয়ে কথা বললে, আতাউর রহমান বলেন, “দাপ্তরিক কাজে মধ্যে দায়িত্ব থেকে অনুপস্থিত হলে জনগণের সমস্যা হবে এটা স্বাভাবিক। আমি নিজেই সকাল ৯:০০ ঘটিকার সময় অফিসে আসি, মোছাঃ আলপনা পারভীন এর বিষয়টা আমি বলতে পারবনা কারণ তিনি সরকারের প্রশাসনিক কর্মকর্তা।”
ঘটনার বিস্তারিত জানতে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুবল চন্দ্র পাহান বলেন, “আমি আমার অফিসের কাজ করি আমি আমার দিক থেকে নিয়মিত। তবে, আলপনা পারভীন কেন দেরিতে আসেন কি কাজে বাহিরে থাকেন এই বিষয় গুলি আমি বলতে পারবনা।”
ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা সুবিধাভোগীদের সাথে কথা হলে তারা সকলেই জানান, “আমরা আমাদের কাগজপত্র, জন্ম,মৃত্যু সনদ সহ যা প্রয়োজন সেটির জন্য স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান এর নিকট আসি। সচিব আছে না নাই এসব দেখিনা, চেয়ারম্যান, মেম্বার সময় করে ঠিক করে আমাদের জানান।”
সেবা নিতে আসা আলেফোন, সজিব, বিধান, আনোয়ার সহ অনেকেই জানান “সচিব অফিসে নাই আমরা আমাদের কাগজপত্র জমা দিয়েছি কাজ হলে আমাদের প্রতিনিধি জানাবেন।”
অপরদিকে ব্যাংক একাউন্ট তথ্য বলছে, কোন ব্যাংক একাউন্ট এর মালিকানা পরিবর্তন ও একাধিক ব্যক্তির নামে একাউন্ট পরিবর্তন এর মাধ্যমে করা হলে দুই জনকেই উপস্থিত হতে হবে। তবে চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমি ব্যাংক একাউন্ট হিসাব সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি, অপর দিকে আলপনা পারভীন অফিসে উপস্থিত না হয়ে সরাসরি বাড়ি থেকে ব্যাংকে অবস্থান করেন।
একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক নথিপত্র সংরক্ষণ, পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে দাপ্তরিক সহযোগিতা এবং নাগরিক সেবাসংক্রান্ত কার্যক্রমে তাঁর ভূমিকা রয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, বিভিন্ন প্রত্যয়নপত্র, নাগরিক সনদসহ পরিষদের বিভিন্ন সেবার প্রশাসনিক কার্যক্রমেও সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৬২ ধারায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও তাঁদের চাকরির শর্তাবলি নির্ধারণের বিধান রয়েছে। ২০২৪ সালের সংশোধনীতে আইনের ‘সচিব’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।
সরাসরি নিয়ম অনুযায়ী প্রতিটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসা হাজিরা খাতায় সাক্ষর করা ও দাপ্তরিক কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হবার পরে অন্যান্য কাজ করার নিয়ম থাকলেও মোছাঃ আলপনা পারভীন এর পুরোপুরি বিপরীত।
এ অবস্থায় প্রশ্ন উঠছে, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে কি না? একজন দায়িত্বশীল কর্মকর্তার অনুপস্থিতিতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। জনগণের অর্থে পরিচালিত ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি কতটা কার্যকর, এখন সেই প্রশ্নই সামনে এসেছে।
এ বিষয় নিয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, “আমি বিষয়টা জানতে পারলাম আপনাদের মাধ্যমে, বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply