ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালের মানহানির একটি মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের গুলশানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয় পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার সময় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন পরোয়ানা নিয়ে বাসার ফটকে উপস্থিত হন।
এসময় এসআই শাহীন, মাহমুদুর রহমানকে জানান, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথিত মন্তব্যের জেরে নড়াইলে দায়ের করা একটি মানহানির মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
এসআই শাহীন জানান, পরোয়ানা কার্যকর করতেই তিনি সেখানে এসেছেন।
জবাবে মাহমুদুর রহমান ওই পুলিশ কর্মকর্তাকে বলেন, “আমি বঙ্গভবনে যাচ্ছি। বৈঠক শেষে সেখানে গিয়ে আমাকে গ্রেপ্তার করুন।”
জানা গেছেন, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলায় অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মাহমুদুর রহমান আপত্তিকর মন্তব্য করেছেন।
ওই মামলায় ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তবে মামলাটির কার্যক্রমের ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিলেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালত এক আদেশে হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় ২০২৭ সালের ২৭ জানুয়ারি।
মামলাটিতে মাহমুদুর রহমান ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছিল। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মওদুদ আহমদ, যিনি ২০২১ সালের ১৬ মার্চ মারা যান, এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম।
দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৫ ধারায় মানহানি ও সংশ্লিষ্ট অভিযোগের পাশাপাশি ১২৩(ক) এবং ১২৪(ক) ধারায় মামলাটি দায়ের করা হয়।
Leave a Reply