ডেস্ক রিপোর্ট : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনও সুযোগ নেই। যারা আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন, তারা মূলত দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং উদ্যোক্তা ও খামারিদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ, সরকার, পুলিশ প্রশাসনসহ দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আর কখনও হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই আসতে হবে।
এ সময় তিনি আরও বলেন, স্কুল পর্যায়ের পাঠ্যবইয়ে বাধ্যতামূলক বিষয় হিসেবে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। অন্যদিকে যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন। তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্বাচিত সুবিধাভোগীদের হাতে যুব ঋণের চেক তুলে দেন।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন।
Leave a Reply