কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফলে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাস এবং অন্য সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আটক জেলেদের উপস্থিত করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫), ফিরোজ হাওলাদার (৫০), করিব খন্দকার (৪০), ইলিয়াস ফকির (২৬), সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও ইলিশের প্রজনন রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া হয়।
Leave a Reply