কামরুল হাসান, কোটালীপাড়া : “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের লাল শাপলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সহকারি শিক্ষা কর্মকর্তা হিমাংশু বিশ্বাস, শিক্ষক সুরেশ চন্দ্র দাস, অনিল চন্দ্র রায় প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, “সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ সমাজ ও উন্নত রাষ্ট্র গড়ে তুলতে।”
তিনি বলেন, “সমাজের কোনো মানুষ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যারা নানা কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়েছেন, তাদের সাক্ষরতার আওতায় নিয়ে আসতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
বক্তারা বলেন, সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। একজন সাক্ষর জ্ঞন মানুষ শুধু নিজের জীবনকেই আলোকিত করেন না, পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলোচনা সভায় বক্তারা কোটালীপাড়ায় ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply