কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) “জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” এবং ২৭/০৮/২০২৬ তারিখে “পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।
“জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্যের সত্যতা যাচাই, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে সকলের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
“পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলা, নারীকে সম্মান ও সমমর্যাদা প্রদান এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কাজী হুমায়ূন রশীদ, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ), জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাইমারি শিক্ষা অফিসার মোছাঃ জ্যোস্না খাতুন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।
Leave a Reply