কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে আজ বুধবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম ধর্ম কেবল জানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ইসলামের অনুশাসন বাস্তবিক জীবনে মেনে চলার নামই ইসলাম। তাই আমাদের ব্যক্তি জীবনে মহানবী (সা.) এর যাপিত জীবনের আদর্শকে অনুসরণ করে প্রকৃত মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে। পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply