ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাইবান্ধা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প। ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পশুর হাট, মহাসড়ক, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
শনিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার ভরতখালী পশুর হাটে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তিনি আরো জানায়, ঈদ-উল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুর হাটে চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করে অভিযান চালানো হবে।
এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মহাসড়ক ও টার্মিনাল এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো বেআইনি পণ্য পরিবহন বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়।
র্যাব আরও জানায়, পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। একই সঙ্গে জেলার বিভিন্ন বাজার ও শপিংমলে জাল টাকা শনাক্তকরণ এবং অবৈধ মজুতদারি রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সকলের সহযোগিতায় গাইবান্ধায় আসন্ন ঈদ-উল আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা হার্ট কর্তৃপক্ষ ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply