পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়ন-এর মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দ্রুতগতিতে মোটরসাইকেলে পালানোর সময় তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।
সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুকুরে পড়ে থাকা দুইজনকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে দলের অপর এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
সাদুল্লাপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply